আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আব্দুল্লাহ আল ইমরান, এই পথের এক নগণ্য পথিক এবং আপনাদেরই একজন ভাই।
আমার শিক্ষাজীবনের ভিত্তি মাদ্রাসায়, আলিম পর্যন্ত পড়েছি। তবে সত্যি বলতে, একাডেমিক পড়াশোনায় আমি ঠিক সেই আনন্দটা খুঁজে পাইনি, যার খোঁজে হয়তো সবাই থাকে। একসময় তাই পড়াশোনায় ইতি টেনে আমি নিজের পথ খুঁজতে শুরু করি এবং আল্লাহর দয়ায় ওয়েব ডেভেলপমেন্টের বিশাল জগতে প্রবেশ করি।
আলহামদুলিল্লাহ, এখানেই আমার ক্যারিয়ার গড়ে উঠেছে এবং আল্লাহর দয়ায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যেই আছি। আমি আমার জীবন নিয়ে আনন্দেই আছি।
কিন্তু এত কিছুর পরেও, আমার ভেতরে একটা গভীর শূন্যতা কাজ করতো। ব্যস্ত দিন শেষে রাতের নিস্তব্ধতায় মনে হতো, জীবনের মূল সুরটাই যেন কোথাও হারিয়ে গেছে। নিজেকে প্রশ্ন করতাম— আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলেন? এই যে পরিবার নিয়ে আছি, খাচ্ছি, ঘুরছি, ঘুমোচ্ছি— এটাই কি সব? এই পার্থিব জীবনের চক্রের বাইরে কি এর কোনো বড় উদ্দেশ্য নেই?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমি আবার ফিরে গেলাম আমার শেকড়ে—কুরআন, হাদিস এবং ইসলামের অশেষ জ্ঞানভান্ডারে। আমি যতই পড়তে থাকলাম, ততই আমার ভেতরের জট খুলতে শুরু করলো। পরম করুণাময় আল্লাহ আমার দৃষ্টি খুলে দিলেন। আমি আমার উত্তরগুলো পেলাম।
আমি বুঝতে পারলাম, জীবন মানে শুধু এই খাওয়া-দাওয়া আর বিনোদনের ছোট বৃত্তে আটকে থাকা নয়। বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত—পরিবারের সাথে কাটানো সময়, আমাদের দৈনন্দিন কাজ, আমাদের আনন্দ-বেদনা—সবকিছুই এক মহান উদ্দেশ্যের সাথে জুড়ে আছে। আর সেই উদ্দেশ্যটি হলো আমাদের স্রষ্টা আল্লাহকে চেনা, তাঁর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করা এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধি হিসেবে কল্যাণ ছড়িয়ে দেওয়া।
যখন জীবনের কেন্দ্রবিন্দু আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়, তখন দুনিয়ার কোনো ব্যস্ততাই আর আত্মাকে শূন্য করতে পারে না, বরং এক অনাবিল প্রশান্তিতে হৃদয় পূর্ণ হয়ে ওঠে।
এই উপলব্ধি এবং প্রশান্তি সবার সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই হকপথ.কম (HaqPath.com)-এর জন্ম। আমি যা শিখছি বা জানছি, তা-ই এখানে তুলে ধরার এক বিনীত চেষ্টা করি। এই জ্ঞান আমাকে যেভাবে পথ দেখিয়েছে, হয়তো আপনার চলার পথেও সামান্য আলো ফেলতে পারে।
আমি এখনও একজন ছাত্র, জ্ঞানের পথে এক নগণ্য পথিক। আমার এই যাত্রায় আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন আমাকে, আপনাকে—আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন।
আমীন।